সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের আত্মকথনমূলক গ্রন্থ ‘এবং বিশ্বজিৎ’ প্রকাশিত হয়েছে। রোববার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ। তিনি একাধারে গীতিকার, সুরকার, সংগীতশিল্পী ও সংগীত পরিচালক। অডিও, সিনেমা, মঞ্চসহ সব মাধ্যমেই নিজের সুরের মায়াজালে তিনি আবিষ্ট করেছেন লাখো-কোটি শ্রোতার হৃদয়। কুমার বিশ্বজিৎ গান দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন। তিনি বলেন, তার গানগুলোর মধ্যে 'তোরে পুতুলের মতো করে সাজিয়ে' ও 'যেখানে সীমান্ত তোমার' আমার ব্যক্তিগতভাবে প্রিয়।
প্রতিমন্ত্রী এ সময় কুমার বিশ্বজিৎকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন 'সংগীত ঐক্য বাংলাদেশ'-এর মহাসচিব ও গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গী। শুভেচ্ছা বক্তব্য দেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজী, ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালের ডা. আশীষ কুমার চক্রবর্তী প্রমুখ। 'এবং বিশ্বজিৎ' গ্রন্থটির রচয়িতা এ সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী জয় শাহরিয়ার এবং বইটি প্রকাশ করেছে 'আজব প্রকাশ'।