রাজা চন্দ পরিচালিত ‘বেপরোয়া’ ছবিতে প্রথম জুটি হন ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশান। ২০১৯ সালে এটি মুক্তি পেয়েছিল। তখন এই জুটিকে নিয়ে দর্শকের আগ্রহ লক্ষ করা গিয়েছিল। এরপর ইফতেখার চৌধুরীর ‘মুক্তি’তে অভিনয় করার কথা ছিল তাদের। কিন্তু পরবর্তী সময়ে এটি তারা করেননি। অবশেষে তিন বছর পর আবার জুটি হচ্ছেন ববি ও রোশান। সৈকত নাসিরের ‘পাপ’ ছবিতে দেখা যাবে তাদের। ১০ মার্চ থেকে এটির শ্যুটিং। সৈকত নাসির দেশ রূপান্তরকে বলেন, ‘প্রায় তিন মাস আগে আমি এই ছবিটি করার ব্যাপারে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হই। এর গল্প থ্রিলার ধাঁচের। নানা রকম কমার্শিয়াল উপাদানও রয়েছে। এতে চারটি চরিত্র গুরুত্বপূর্ণ। একটি ছেলে আর তিনটি মেয়ে। সেখান থেকে প্রধান দুটি চরিত্রে অভিনয় করবেন ববি ও রোশান। তারা দুজনই ভালো অভিনয় করেন। এ ছাড়া থাকবেন আরিয়ানা ও জাকিয়া নামে দুজন নায়িকা। গল্পটি ভালো। তা ছাড়া ববি ও রোশান দুজনই আমার প্রিয়। আশা করছি ভালো একটি ছবি উপহার দিতে পারব।’
ববি বলেন, ‘ছবির গল্পটা থ্রিলারধর্মী। জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে কাজের অভিজ্ঞতা দারুণ। সৈকত নাসিরও মেধাবী পরিচালক। সব মিলিয়ে ভালো কিছু হবে।’ তিনি আরও বলেন, ‘দর্শক আমার আর রোশানের বেপরোয়া দেখে মুগ্ধ হয়েছিল। আমারও খুব ভালো লেগেছে তার সঙ্গে কাজ করে। সিনিয়র-জুনিয়র সব শিল্পীকে প্রাপ্য সম্মানটুকু সে দিতে জানে। আর শেখার চেষ্টা করে সবার কাছ থেকে। এই গুণ তাকে অনেক দূরে দিয়ে যাবে বলে আমি আশা করি। আবারও তার সঙ্গে কাজ করব। আশা করছি এই ছবিটিও দারুণ হবে।’
‘পাপ’ ছবিটি নিয়ে রোশানও দারুণ এক্সাইটেড। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এ ধরনের গল্পের ছবি আগে বাংলাদেশে হয়নি। একেবারেই নতুন একটি প্রেক্ষাপট নিয়ে গল্পটি। তবে এখনই আমি কি চরিত্রে কাজ করব, সেটা বলতে চাই না। তাতে গল্প সম্পর্কে বলা হয়ে যাবে। আমরা সততার সঙ্গে কাজটি করতে চাই এবং চাই দর্শক সেই কাজটি বড়পর্দায় উপভোগ করুক।’ রোশান আরও বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরু জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে। তারা কোনো কাজের প্রস্তাব দিলে চোখ বন্ধ করে রাজি হয়ে যাই। অন্যদিকে সৈকত ভাই আমার অন্যতম প্রিয় পরিচালক। অনেক দিন ধরে ইচ্ছা ছিল তার সঙ্গে কাজ করার। অবশেষে সেই ইচ্ছা পূরণ হচ্ছে।’
নির্মাতা সৈকত নাসির জানান, এখন তিনি ‘পাপ’-এর প্রি-প্রোডাকশন নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তবে এর মধ্যে নতুন খবরও দিলেন। গতকালই তিনি অন্য প্রযোজনা সংস্থার সঙ্গে নতুন নায়ক-নায়িকা নিয়ে একটি ছবি করার ব্যাপারে চুক্তিবদ্ধ হয়েছেন। শুধু তা-ই নয়, এই নির্মাতা বলেন, ‘আমার ক্যারিয়ারের শুরুর দিকেও জাজের সঙ্গে কাজ করেছি। মাঝে কাজ হয়নি। কিন্তু এখন আবার কাজ হচ্ছে। সর্বশেষ শ্যুটিং করেছি জাজ মাল্টিমিডিয়ার বহুল আলোচিত সিনেমা মাসুদ রানার। এই ছবির ফুটেজ দেখে জাজ থেকে আমাকে তাদের ব্যবসাসফল সিরিজ ‘অগ্নি’র তিন নম্বর পর্ব অর্থাৎ ‘অগ্নি থ্রি’ ছবিটি পরিচালনার অফার দেন। এ ছাড়া এই প্রতিষ্ঠানেরই আরেকটি ছবি করব, যার নাম ‘বারুদ’।’
রোশানও এখন ক্যারিয়ার নিয়ে তুমুল ব্যস্ত। গত শুক্রবার মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র ‘মুখোশ’। পরীমণির বিপরীতে এই ছবিটি দর্শক বেশ পছন্দ করেছেন। তিনি সম্প্রতি শ্যুটিং শেষ করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলীর বিপরীতে ‘রিভেঞ্জ’ ছবির। এই নায়িকার সঙ্গে এখন তার বেশ কিছু ছবি হচ্ছে। এর মধ্যে একটির ঘোষণা নাকি শিগগিরই আসবে। সেই ছবিটির গল্প রোশানের এতটাই ভালো লেগেছে যে, আগাম ছবিটি নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করলেন। এ ছাড়া তার হাতে আছে ‘জামদানি’, ‘অপারেশন সুন্দরবন’, ‘সাইকো’ ছবিগুলো। আরটিভি প্রযোজিত একাধিক ছবিতেও তিনি কাজ করছেন। যদিও সম্প্রতি এই প্রতিষ্ঠানের পূজা চেরীর সঙ্গে ‘নাকফুল’ ছবিটি করতে পারছেন না শিডিউল জটিলতার কারণে।