রামপুরায় দোকানে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢাকার রামপুরার চৌধুরীপাড়ায় ভাঙারির দোকানে আগুনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত ১১টার দিকে মারা যান নাদের আলী (৫০)।

পাঁচ দিন আগের ওই ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হল।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া চিকিৎসকের বরাতে জানিয়েছেন,  নাদের আলীর শরীরের ৪৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

এর আগে রবিবার দুপুরে মারা যান হেলাল উদ্দিন শেখ (৫০)। আগুনে তার শরীরের ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

ওই ঘটনায় দগ্ধ নুর নবী (৫১), ইউসুফ আলী (৪৯) ও সিদ্দিকুর (৫০) হাসপাতালে ভর্তি রয়েছেন।

সিদ্দিকুরের শরীরের ৫২ শতাংশ, নূর নবীর ৪২ শতাংশ এবং ইউসুফ আলীর শরীরের ১২ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বাচ্চু মিয়া।

গত বুধবার রাতে চৌধুরীপাড়া মসজিদের পাশে একটি টিনশেড ভাঙারি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন ওই পাঁচজন।