আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কিশোরগঞ্জে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কিশোরগঞ্জে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কেটে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা শহরে সৈয়দ নজরুল ইসলাম চত্বর মঞ্চে দৈনিক দেশ রূপান্তরের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান।

দৈনিক দেশ রূপান্তর পত্রিকার জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌর মেয়র মাহমুদ পারভেছ, কিশোরগঞ্জ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম এর সভাপতি ও জি টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান চৌধুরী সোহেল, সাধারণ সম্পাদক ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি মো. আবু তাহের, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি সায়িফ আহম্মেদ লেলিন।

অনুষ্ঠানের প্রথমে আলোচনা পরে কেক কাটা সব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

উক্ত সভায় বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু যুব পরিষদের জেলা শাখার সভাপতি মো. আব্দুল জলিলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের নেত্রীবৃন্দ, লেখক, শিক্ষক ও পত্রিকার পাঠকরা। এ সময় উপস্থিত ছিলেন, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, সমাজের দর্পণ ও রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ খ্যাত গণমাধ্যম, সাংবাদিকতা ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের চোখ খুলে দেয়। সমাজের নানা অসংগতি তুলে তার বিরূপ প্রভাব কাটিয়ে উত্তরণের পথ দেখানোই হলো সংবাদপত্রের মূল কাজ। খুব অল্প সময়ের মধ্যে জাতীয় পত্রিকা "দৈনিক দেশ রূপান্তর" সেই কাজটি ভালোভাবেই করে চলেছে বলে দেশব্যাপী খ্যাতির শিখরে আসন করে নিতে পেরেছে। শুরু থেকে অদ্যাবধি দেশ রূপান্তর যেভাবে পেশাদারি ও নীতি আদর্শের জায়গা থেকে সংবাদ পরিবেশন করে যাচ্ছেন ভবিষ্যতেও যেন ঘাত-প্রতিঘাত পেরিয়ে নিরলস পথচলায় অবিচল থাকে তেমনটিই দেশবাসী প্রত্যাশা করেন বলে মত দেন উপস্থিত অতিথিরা।

আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত সাড়ে ১১টায় শেষ হয়। অনুষ্ঠানে শিল্পীরা গান গেয়ে প্রায় হাজারো দর্শককে মাতিয়ে রাখেন।