আসছে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে মণিপুরি থিয়েটারের ‘কহে বীরাঙ্গনা’ নাটকের ৯০তম প্রদর্শনী হতে যাচ্ছে। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় কমলগঞ্জের ঘোড়ামারায় মণিপুরি থিয়েটারের নটমণ্ডপে প্রদর্শনীটি হবে। নাটকটি এর আগে দেশে ও দেশের বাইরে অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে।
মাইকেল মধুসূদন দত্তের ‘বীরাঙ্গনা কাব্য’ রূপায়িত নাটকটিতে চারটি পর্বে চার পৌরাণিক নারী শকুন্তলা, দ্রৌপদী, দুঃশলা ও জনা-র বিরহ, প্রেমজনিত ঈর্ষা, ক্ষমা ও প্রতিশোধস্পৃহার বহুমাত্রিক রূপ প্রকাশ করা হয়েছে।
এক ঘণ্টার নাটকটিতে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। সংগীত করেছেন শর্মিলা সিনহা। বাদ্যে বিধান সিংহ, উজ্জ্বল ও অঞ্জনা। মঞ্চে মু্দ্রা শিল্পী হিসেবে আছেন অরুণা, সূচনা, আশা, অর্থী, সোমা, শ্যামলী। নির্দেশনায় শুভাশিস সিনহা।