ফুলছড়িতে শিশুকে ধর্ষণের পর হত্যায় যুবকের আমৃত্যু কারাদণ্ড

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে মাজেদুল ইসলাম (২৫) নামে এক যুবককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুরে গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক কে. এম শহীদ আহম্মেদ এই রায় ঘোষণা করেন।

এছাড়াও তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এই মামলার অপর তিন আসামিকে খালাস প্রদান করা হয়েছে।

গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন গুলশান নাহার মুনমুন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমৃত্যু কারাদণ্ড ও জরিমানা ছাড়াও আলামত গোপন এবং মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে দণ্ডবিধির ২০১ ধারায় মাজেদুলের আরও পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া জরিমানার টাকার মধ্যে ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে এবং ৫০ হাজার টাকা মামলার বাদী পাবেন বলে আদেশ দেওয়া হয়েছে। আসামি পক্ষের আইনজীবী মো. সিরাজুল ইসলাম বাবু বলেন, আসামিপক্ষ এই রায়ে সংক্ষুব্ধ। তারা উচ্চ আদালতে আপিল করবেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৩১ আগস্ট ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের ৭ বছর বয়সী এক শিশুকে একই ইউনিয়নের বাউসি গ্রামের সায়দার রহমানের ছেলে মাজেদুল ইসলাম অপহরণের পর ধর্ষণ করেন। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর বাড়ির পাশের পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখেন মাজেদুল। পরদিন ১ সেপ্টেম্বর ওই পুকুর থেকে শিশু সিনথীর লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় শিশুটির বাবা ফুলছড়ি থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলায় মাজেদুলসহ চারজনকে আসামি করা হয়।