রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন ঘিরে পদপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে ভরে গেছে পুরো ক্যাম্পাস। তবে ব্যানার তৈরিতে কর্মীদের কাছ থেকে জোর করে টাকা নেয়ার অভিযোগ ওঠেছে নবাব আব্দুল লতিফ হলের সভাপতি পদপ্রার্থী শুভ্রদেব ঘোষের বিরুদ্ধে।
অভিযুক্ত শুভ্রদেব ঘোষ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার অনুসারী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের কয়েকজন কর্মীকে গেস্ট রুমে বসিয়ে ব্যানার বানানোর জন্য টাকা চায় ওই পদপ্রত্যাশী। এতে কয়েকজন টাকা দিতে রাজি না হলে জোর করেই তাদের কাছ থেকে টাকা তুলেছেন অভিযুক্ত শুভ্রদেব ঘোষ।
নাম প্রকাশে অনিচ্ছুক নবাব আব্দুল লতিফ হল ছাত্রলীগের এক কর্মী বলেন, ‘প্রথমে ব্যানার করার জন্য টাকা চাইলে আমিসহ আরো কয়েকজন অসম্মতি জানাই। পরে সভাপতির নির্দেশের কথা বলে জোর করে আমাদের কাছ থেকে টাকা নেয়া হয়।’
জোর করে টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত সভাপতি প্রার্থী শুভ্রদেব ঘোষ বলেন, ‘এ অভিযোগ পুরোটাই ভিত্তিহীন ও বানোয়াট। রাজনীতিতে অনেক প্রতিযোগিতা থাকে। হল সম্মেলনকে কেন্দ্র করে আমার প্রতিদ্বন্দ্বীরা এমন মিথ্যা অভিযোগ তুলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘অভিযোগের বিষয়টি জেনেছি। কিন্তু পরে যাচাই-বাছাই করে এর কোনো সত্যতা পাওয়া যায়নি।’