বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনাজপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শিশু একাডেমিতে গিয়ে শেষ হয়। র্যালিতে ব্র্যাকসহ বিভিন্ন বেসরকারি এনজিও কর্মীরা অংশ নেন। র্যালি শেষে শিশু একাডেমি চত্বরে ব্যানার ও ফেস্টুন উড়িয়ে নারী দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর উন্নয়ন ও কর্মসংস্থানে নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে নারীরা আজ ঘরে বসে নেই। তারা ঘরে ও বাইরে পুরুষদের পাশাপাশি বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক ও উন্নয়নমুখী কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জয়নুল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোর্শেদ আলী খান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক তারিকুন বেগম লাবুন, জেলা ভেটেরিনারি অফিসার ড. আশিকার আকবর তৃষা প্রমুখ।
অনুষ্ঠান শেষে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।