ভোজ্য তেল, গ্যাস ও চাল, ডাল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দাম লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে সপ্তাহব্যাপী সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বৃহস্পতিবার (১০ মার্চ) ‘বিক্ষোভ সপ্তাহ’ শুরু হবে। চলবে ১৬ মার্চ পর্যন্ত। এ সময় জেলা-উপজেলায় হাট সভা, পথসভা, পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ করা হবে।
সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এক বিবৃতিতে কর্মসূচি সফল করতে পার্টির সব জেলা-উপজেলা ও শাখার প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দাবি সপ্তাহে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।
নেতৃবৃন্দ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ হলে এ মাসেই হরতালসহ আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।