নিখোঁজের ২ ঘণ্টা পর শিশুর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ

মৌলভীবাজারের কমলগঞ্জে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর নিজ বসতঘরের পেছনের গর্তে ফাতেমা জান্নাত মৌ (৭) নামে প্রথম শ্রেণির এক ছাত্রীর গলাকাটা ও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার শমসেরনগর ইউনিয়নের কেছুলুটি গ্রামে বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এর আগে বিকেলে বাড়ি থেকে নিখোঁজ হয় সে।

মৌ কেছুলুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল। তার বাবার নাম ফরিদ মিয়া।

ফরিদ মিয়া সাংবাদিকদের জানান, তার মেয়ে ফাতেমাকে বুধবার আছরের নামাজের পর থেকে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজার পর সন্ধ্যায় বসতঘরের পেছনের একটি মাটির গর্তে গলাকাটা, পেটের ভুঁড়ি বের হওয়া ও ক্ষতবিক্ষত অবস্থায় লাশ পাওয়া যায়। খবর পেয়ে শমসেরনগর পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে সুরতহাল তৈরি করে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় তিনি থানায় একটি মামলা দায়ের করবেন।

শমসেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) মোশারফ হোসেন বলেন, ‘শিশুটিকে নির্মমভাবে গলা কাটা হয়েছে। চাকু দিয়ে তার পেটের ভুঁড়িও বের করে ফেলা হয়েছে। তার দেহের বিভিন্ন অংশে কাটা দাগ রয়েছে। ঠিক কী কারণে ও কারা এ ঘটনাটি ঘটিয়েছে তা তদন্ত করলে বেরিয়ে আসবে।’