প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন দ. কোরীয় জনগণ

নতুন প্রেসিডেন্ট নির্বাচনে দক্ষিণ কোরিয়ায় গতকাল বুধবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশটি নিয়ন্ত্রণের জন্য নির্বাচনে লড়ছেন উদারপন্থি ও ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক পার্টির লি জায়ে মিউং এবং তার মূল প্রতিদ্বন্দ্বী রক্ষণশীল দল পিপল পাওয়ার পার্টির ইউন সুক ইওল। দেশটির সঙ্গে প্রতিবেশী উত্তর কোরিয়ার পারমাণবিক ইস্যুতে উত্তেজনা, বেকার সমস্যা, আবাসন সংকটসহ নানাবিধ সমস্যা চিহ্নিত হয়েছে এই নির্বাচনকে ঘিরে।

নির্বাচনের আগের জরিপ বলছে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে ভোটে। বিদায়ী প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবার নিবাচনী দৌড়ে নেই। দক্ষিণ কোরিয়ার নেতারা এককভাবে পাঁচ বছর মেয়াদের জন্য দায়িত্ব পান। মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের ভোটে।

৫৭ বছর বয়সী প্রেসিডেন্ট প্রার্থী লি দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন এবং তরুণ বয়সে কারখানায় কাজ করতেন। তিনি সিভিল আইনজীবী হিসেবে আইন পেশায়ও নিযুক্ত ছিলেন। পরে তিনি রাজনীতিতে সম্পৃক্ত হয়ে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের সেওংনামের মেয়র হন। এরপর রাজ্যপ্রধান হন গিয়াংগি প্রদেশের। অপরদিকে, ৬১ বছর বয়সী ইউন, একজন নবাগত রাজনীতিক, সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আইন বিষয়ে অধ্যয়ন করেন তিনি। এরপর প্রসিকিউটর জেনারেল হয়েছিলেন।