কক্সবাজারে হানিফ

দেশের সব অর্জন আওয়ামী লীগের হাত ধরে

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘বঙ্গবন্ধুর হাত ধরে স্বাধীনতা অর্জন হয়েছে আর দেশের উন্নয়ন-অগ্রগতি হয়েছে শেখ হাসিনার নেতৃত্বে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শত প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’ গতকাল বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত

তৃণমূল প্রতিনিধি সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক চিরকালের। ইচ্ছে করলেই কেউ তা মুছে ফেলতে পারবে না। আওয়ামী লীগকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করেছিল বরং তারাই নিশ্চিহ্ন হয়েছে। জনগণ তাদেরই ইতিহাসের কাঠগড়ায় দাঁড় করিয়েছে।’

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, জেলা সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন প্রমুখ। এছাড়া সভায় জেলার বিভিন্ন ইউনিটের ৩ হাজার প্রতিনিধি অংশ নেন।