দক্ষিণ সুদানে নারী দিবস উদযাপনে শান্তিরক্ষীরা

দক্ষিণ সুদানে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ উদযাপন করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা। গত মঙ্গলবার দেশটির ওয়াউ প্রদেশে নিয়োজিত ব্যানব্যাট-৫-এর উদ্যোগে দিবসটি উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যানব্যাট-৫-এর সদস্য, ইউনাইটেড ন্যাশনস মিশন ইন দ্য রিপাবলিক অব সাউথ সুদানের (আনমিস) কর্মকর্তা ও সুদানের স্থানীয় প্রশাসন এবং জনসাধারণ ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ওয়েস্টার্ন বাহার আল গাজালের গভর্নর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দক্ষিণ সুদানের জেন্ডার চাইল্ড ও সোশ্যাল ওয়েলফেয়ার মন্ত্রী, ডিজি প্রাইমারি হেলথ সার্ভিস, আনমিসের হেড অব অফিসসহ অনেকে।

দিবসটির কর্মসূচি হিসেবে আনমিসে কর্মরত ও স্থানীয় নারীদের নিয়ে র‌্যালি, আলোচনা সভা ও স্থানীয় নারীদের জন্য বিশেষ চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ-সাউথ সুদান ফ্রেন্ডশিপ ইয়ুথ সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।