পঞ্চগড়ে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম আজমকে (৫৩) হত্যার ঘটনায় স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে বাঁধনকে (২১) একদিনের রিমান্ড শেষে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ।
বুধবার বিকেলে তাদের রিমান্ড শেষে জেল জেলহাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) ভবেশ চন্দ্র পাল রাতে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গোলাম আজম হত্যার ঘটনায় মঙ্গলবার (৮ মার্চ) পঞ্চগড় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্ত্রী ও সন্তানকে তোলা হলে পুলিশ আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করে।
পরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির সরকার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বিকেলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এর আগে গত শনিবার (৫ মার্চ) রাতে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের ঘাটিয়ার পাড়ার নিজ বাড়ির শয়ন কক্ষে গোলাম আজমের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
গত রবিবার (৬ মার্চ) গভীর রাতে নিহতের বড় ছেলে বদিউজ্জামান লিমন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে গত সোমবার (৭ মার্চ) রাতে নিজ বাড়ি থেকে গোলাম আযমের স্ত্রী-সন্তানকে গ্রেপ্তার পুলিশ হয়।