সাতক্ষীরায় জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনী ভোটগ্রহণ বুথে এক গ্রুপের হামলায় সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এম শাহআলম আহত হয়েছেন। ব্যালট ছিঁড়ে দেওয়ায় এবং হামলার ঘটনায় জেলা প্রশাসন নির্বাচনী কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।
বারের ২০২২-২৩ এর নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তফা নুরুল আলম জানান, নির্ধারিত ১০ মার্চ বৃহস্পতিবার নির্বাচনের নির্ধারিত তারিখে সকাল থেকে ভোট গ্রহণকালে বেলা সাড়ে ১১টার দিকে অ্যাডভোকেট এস এম হায়দার, সবুজ ও এখলেছার বাচ্চু’র নেতৃত্বে একটি গ্রুপ এসে নির্বাচনী ভোটগ্রহণ বুথে হামলা চালায় ব্যালট ছিঁড়ে ফেলে এবং সভাপতি প্রার্থী অ্যাডভোকেট এম শাহআলমের ওপর হামলা চালায়। এ ঘটনায় তিনিসহ কয়েকজন আহত হন।
শাহআলমকে বর্তমানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নির্বাচন কমিশনার ফাহিমুল হক কিসলু জানান, সাতক্ষীরার জাতীয় সংসদ সদস্য, জেলা জজ, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে অবগত করে বারের ২০২২-২৩ এর নির্বাচনের আয়োজন করা হয়। নির্বাচনে ১১টি পদের বিপরীতে ২৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। সভাপতি প্রার্থী ছিলেন ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
হামলায় আহত অ্যাডভোকেট শাহআলম জানান, তার সঙ্গে কখনো নির্বাচনে জিততে পারবে না জেনে বারের সম্মানিত সদস্য সমর্থনহীন সদস্যরা তার ওপর হামলা চালিয়েছে।
সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুন কবির বলেন, আইনজীবী সমিতির নির্বাচনে দুই পক্ষের বিবাদে ও এক পক্ষের হামলার ঘটনাকে কেন্দ্র করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। একই সঙ্গে নির্বাচন বন্ধ করে দেওয়া হয়। নির্বাচনী সরঞ্জামও জেলা প্রশাসনের আয়ত্তে নিয়ে আসা হয়। পরবর্তীতে এমপিদের সঙ্গে বসে করণীয় নির্ধারণ করা হবে।