সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর কনটেন্টের প্রচার ও প্রকাশ নিয়ন্ত্রণে সুপারিশ করতে কমিটি গঠন করে দিয়েছে উচ্চ আদালত।
এ সংক্রান্ত রিট আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলসহ আদেশ দেয়।
কমিটিতে ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, পররাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যানসহ বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সংবাদপত্র অ্যাসোসিয়েশনসহ টেলিভিশন চ্যানেলগুলোর একজন করে প্রতিনিধি রাখতে বলেছে হাইকোর্ট। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন আকারে সুপারিশ দিতে নির্দেশ দিয়েছে আদালত।
ফেইসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর কনটেন্ট বন্ধে পদক্ষেপের নির্দেশনা চেয়ে গত বুধবার জনস্বার্থে রিট অবেদনটি করেন বেসরকারি টিভি চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান।
তার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
ব্যারিস্টার মোস্তাফিজ দেশ রূপান্তরকে বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়ে মানহানিকর মন্তব্য, বক্তব্য প্রচার ও প্রকাশ বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে রিট আবেদনকারী ৬ তারিখে (গত ৬ মার্চ) বিবাদীদের (রিট মামলার বিবাদী) কাছে একটি দরখাস্ত দিয়েছিলেন। হাইকোর্ট তার আদেশে সেটি ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি করে আদালতে হলফনামা করে প্রতিবেদন দিতে বলেছে।’
তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়ে মানহানিকর কনটেন্ট প্রচার-প্রকাশ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে বিবাদীদের ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না রুলে তা জানতে চেয়েছে হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দুই সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, পররাষ্ট্র সচিব, বিটিআরসির চেয়ারম্যান, এনবিআরের (জাতীয় রাজস্ব বোর্ড) চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।