রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেন ও তার মিত্র প্রতিবেশী দেশগুলোকে সহায়তার জন্য ১ হাজার ৩৬০ কোটি ডলারের তহবিলে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। গত বুধবার রাতে এ অনুমোদন দেওয়া হয়। সপ্তাহের শেষ নাগাদ সিনেটেও এ প্রস্তাব অনুমোদন পাবে বলে জানিয়েছে রয়টার্স।
প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সাংবাদিকদের বলেছেন, ‘ইউক্রেনে একটি যুদ্ধ চলছে। আমরাও এখানে গুরুত্বপূর্ণ কাজ করেছি।’
প্রতিনিধি পরিষদে দুটি আলাদা ভোটে সহায়তা তহবিলের বিলটি অনুমোদন পায়। এ সহায়তা উদ্যোগের মধ্যে নিরাপত্তা কর্মসূচিগুলোর পক্ষে বিপুল সমর্থন মিলেছে। প্রস্তাবটি ৩৬১-৬৯ ভোটে পাস হয়। অন্য কর্মসূচিগুলো ২৬০-১৭১ ভোটে অনুমোদন পায়, যেখানে বেশিরভাগ বিরোধিতাকারীই রিপাবলিকান দলের আইনপ্রণেতা।