হৃদরোগ, স্ট্রোক, ক্যানসার এবং ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা এবং তাজা শাকসবজির জোগান নিশ্চিতে আইন ও নীতিমালা শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশেষজ্ঞরা। দেশের মোট মৃত্যুর ৬৭ শতাংশই অসংক্রামক রোগে হয় উল্লেখ করে তারা বলেন, এসব রোগ প্রতিরোধ না করলে দেশের সার্বিক অগ্রগতি বাধাগ্রস্ত হবে। তারা বলেন, প্রচলিত আইন প্রয়োগে স্বাস্থ্যের দিকগুলো গুরুত্ব পায় না।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদের পার্লামেন্ট মেম্বারস ক্লাব হলে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স (সিএলপিএ) আয়োজিত ‘অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে শরীরচর্চা এবং স্বাস্থ্যকর খাদ্যের নিশ্চিতে বিদ্যমান আইন ও নীতিমালা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় আলোচকরা এসব কথা বলেন।
সভায় ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএলপিএ’র সেক্রেটারি সৈয়দ মাহবুবুল আলম।