মহাসড়কে ব্যবসায়ীর লাশ

কেরানীগঞ্জে ঢাকা-মাওয়া মহাসড়ক থেকে এক ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। তার নাম মো. সালাম মিয়া (৫০)। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় তেঘোরিয়া সিএনজি স্ট্যান্ডের উত্তর পাশ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সালাম মুন্সীগঞ্জের শ্রীনগর থানার সেলামত গ্রামের শেখ আসাদ আলীর ছেলে। তিনি মিটফোর্ড এলাকায় রজনী বোস লেনে ভাঙ্গারির ব্যবসা করতেন। শুভাঢ্যা উত্তরপাড়া বিক্রমপুর গার্ডেন সিটি এলাকায় পরিবারসহ বসবাস করতেন।

নিহতের বড় ভাই কালাম মিয়া বলেন, বুধবার রাত ৮টায় দোকান বন্ধ করার পর বকেয়া টাকা আদায়ের জন্য যাত্রাবাড়ী এলাকায় যাওয়ার পর থেকেই সালাম নিখোঁজ হয়। এরপর তার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও রিসিভ করেনি। গতকাল দুপুরে ফোন দিলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই রফিক রিসিভ করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, হত্যা নিশ্চিত করতে একাধিক টাই ক্লিপ দিয়ে গলায় ফাঁস লাগানো হয়েছে। ঘাতকরা সুযোগবুঝে রাতের কোনো একসময় অন্য কোথাও থেকে হত্যা করে লাশটি এখানে এসে ফেলে রেখে গেছে। হত্যার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।