কদমতলীতে টিটু হত্যা

প্রধান আসামি সোহাগের সহযোগী মামুন শেখ গ্রেপ্তার

আয়নাবাজ সোহাগের অন্যতম সহযোগী ও কদমতলীর টিটু হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদ-প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি মোহাম্মদ মামুন শেখকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার র‌্যাব-১০’র একটি দল নারায়ণগঞ্জের সোনারগাঁর মেঘনা ঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়ার আগে মামুন শেখ বিভিন্ন এলাকায় ছদ্মবেশে লুকিয়ে ছিল, কখনো শ্রমিক, কখনো দিনমজুর আবার কখনো জাহাজ মিস্ত্রির পরিচয় দিয়ে।

র‌্যাব-১০’র সহকারী পরিচালক এনায়েত কবীর সোয়েব দেশ রূপান্তরকে জানান, ২০১০ সালের ২৬ নভেম্বর কদমতলী থানাধীন আউটার সার্কুলার রোডে নোয়াখালী পট্টিতে নান্নু জেনারেল স্টোরের  সামনে টিটুকে গুলি করে হত্যা করে মৃত আলাউদ্দীন শেখের ছেলে মামুন শেখ, সোহাগ  ওরফে  বড় সোহাগ, সোহাগ ওরফে ছোট সোহাগসহ অজ্ঞাত ৩ থেকে ৪ জন। পরবর্তীকালে ভিকটিমের স্ত্রী বাদী হয়ে কদমতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, টিটু হত্যা মামলার প্রধান আসামি হচ্ছে সোহাগ। আদালতের রায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হলে তারই পরিচিত হোসাইন নামে একজনকে টাকার বিনিময়ে সোহাগ নাম দিয়ে জেল খাটিয়েছে। বিষয়টি র‌্যাব উদঘাটন করে গত ২৯ জানুয়ারি প্রকৃত সোহাগকে গ্রেপ্তার করে। তারপর থেকেই সোহাগ আয়নাবাজ সোহাগ নামে পরিচিত।