শ্রাবন্তীর সেই বেজির মালিক গ্রেপ্তার

বন্যপ্রাণীর গলায় শিকল পরিয়ে সম্প্রতি আইনি জটিলতায় জড়িয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। যার জেরে কলকাতার এ অভিনেত্রীকে তলব কলে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সন্তুষ্ট না হওয়ায় পর পর আবারও জেরা করা হয় তাকে। এরপর গাড়ির চালককে জেরার পর ঘটনার জট খোলে।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বুধবার সন্ধ্যায় বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার করা হয় অভিনেত্রীর গাড়ির চালককে।

ওই গাড়ির চালকের নাম ভরত হাতি। অভিনেত্রী বর্তমানে যে প্রযোজনা সংস্থার হয়ে কাজ করছেন, সেই সংস্থাতেই কাজ করেন ভরত। তার গাড়ি করেই শুটে যেতেন শ্রাবন্তী।

জেরার মুখে অভিনেত্রী জানান, ভরতের থেকেই ওই বেজি ছানাকে পেয়ে আদর করছিলেন শ্রাবন্তী। তিনি গলায় শিকল বেঁধে ওই বেজিটিকে নিয়ে গিয়েছিলেন সেটে। সেখানেই অভিনেত্রী ছবি তোলেন। যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরই আপত্তি তোলেন অনেকে।

বুধবার ভরতকে জেরার পর তার দক্ষিণ ২৪ পরগণার নেপাল গঞ্জের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় শিকলবন্দী ওই বেজিকে। অনেক দিন ধরেই বাড়িতে পোষ্য হিসেবে রেখেছিলেন তিনি। আর অভিনেত্রী শুটে পৌঁছেই ওই বেজিছানাকে দেখতে পেয়ে আদর করে ছবি তুলেছেন। তবে ছবি পোস্ট করলে যে আইনি বিপাকে পড়বেন, সেটা কল্পনাও করতে পারেননি। না বুঝেই পুরো বিষয়টা ঘটিয়ে ফেলেছেন।

গত ১৫ জানুয়ারি ইনস্টাগ্রামে পোস্ট করা এক ছবিতে দেখা যায়, শ্রাবন্তীর একহাতে সস্নেহে ধরা গলায় বেল্ট বাঁধা ছোট্ট বেজি। সেই বেল্টের সঙ্গে ঝুলছে লম্বা চেন। ছবিতে দেখেই বেশ বোঝা যাচ্ছে, শরীরের তুলনায় ভারী চেন দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছে। যার প্রেক্ষিতে, ১৯৭২ সালের বন্যপ্রাণী সুরক্ষা আইনের ভিত্তিতে ৯, ১১, ৩৯, ৪৮এ, ৪৯, ৪৯এ-এর ভিত্তিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।