কুমিল্লায় এবার প্রাইভেটকার চাপায় শিশু ও কিশোর নিহত

কুমিল্লায় প্রাইভেটকার চাপায় রবিউল হোসেন নামে এক কিশোর এবং এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার সৈয়দপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলো বুড়িচং উপজেলার শাহদৌলতপুর এলাকার কামাল হোসেনের ছেলে রবিউল হোসেন (১৬) এবং একই এলাকার বিল্লাল হোসেনর ছেলে মো. আনিস (৫)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 
পুলিশ প্রাইভেটকার এবং চালককে আটক করেছে। বুধবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত তিন দিনে আটজনের মৃত্যুর ঘটনায় চরম উদ্বিগ্ন সচেতন মহল। 

ময়নামতি হাইওয়ে থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, মহাসড়কের সৈয়দপুর স্টেশনে একটি সেলুনে চুল কেটে মহাসড়ক পার হয়ে বাড়ি যাচ্ছিল রবিউল এবং আনিস। এ সময় চট্টগ্রামমুখী দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে রবিউল হোসেন মারা যায়। গুরুতর আহত অবস্থায় আনিসকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর প্রাইভেটকার ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।