টাকার বিনিময়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে আটক হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীসহ দুজন। গতকাল শুক্রবার চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক শিক্ষার্থী জালাল উদ্দিন নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। পরে জালালের দেওয়া তথ্যে প্রক্সি সিন্ডিকেট চক্রের সদস্য আবদুল কাদের রিমনকে রিয়াজউদ্দিন বাজার এলাকা থেকে আটক করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম দেশ রূপান্তরকে বলেন, ‘গতকাল সকালে ওই কলেজে জেলা প্রশাসনের রাজস্ব শাখার অফিস সহায়ক পদে নিয়োগ পরীক্ষা ছিল। পরীক্ষার হলে হাজিরা শিটের ছবির সঙ্গে পরীক্ষার্থীর চেহারা মেলানোর সময় গরমিল পাই। এরপর হাজিরা শিটের তথ্য ও প্রবেশপত্রের ছবি এবং অন্যান্য তথ্য অনুসন্ধান করে মো. হায়দার রশিদ নামে এক পরীক্ষার্থীর বদলে পরীক্ষার প্রবেশপত্রে ফটোশপ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র জালাল উদ্দিনের প্রক্সি দিতে আসার বিষয়টি ধরা পড়ে। পরে জিজ্ঞাসাবাদে ৫ হাজার টাকার বিনিময়ে প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন জালাল। তার দেওয়া তথ্যের সূত্র ধরে রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুল কাদের রিমনকে আটক করা হয়।’