কলকাতার গেস্ট হাউসে অগ্নিকাণ্ড, বাংলাদেশি নিহত

কলকাতার একটি গেস্ট হাউসে অগ্নিকাণ্ডে শামিমাতুল আরোস (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন মাহবুব আলম নামে আরেক বাংলাদেশি, তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।

সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি প্রেস রঞ্জন সেন। এ ছাড়া ভারতীয় সংবাদমাধ্যমও খবরটি প্রকাশ করেছে।

মির্জা গালিব রোডে রাহবার গেস্ট হাউসে শনিবার ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে শামিমাতুল আরোস নিহত হন, আহত মাহবুব আলম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সেখানে উপদূতাবাসের লোকজন ও পুলিশ অবস্থান করছেন বলেও জানান রঞ্জন।

আহত মাহবুব আলম এসএসকেএম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। তবে ওই গেস্ট হাউসে আর কোনো বাংলাদেশি ছিলেন কিনা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ ছাড়া মুর্শিদাবাদের এক বাসিন্দাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অগ্নিকাণ্ডের পর দমকল বাহিনীর তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। ততক্ষণে ১১টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে ওই গেস্ট হাউসে আগুন লাগে।