সিনেমার সন্তানের মায়া জড়িয়ে পড়েছেন পরীমণি। বিদায়বেলায় তাকে উপহার হিসেবে দিলেন বিয়ের সময় স্বামী শরিফুল রাজের দেওয়া একটি নাকফুল।
অরণ্য আনোয়ার পরিচালিত ‘মা’ সিনেমায় ওই শিশুটির সঙ্গে অভিনয় করেন সন্তানসম্ভবা পরীমণি। আর ঘটনা সামনে আনেন পরিচালক অরণ্য।
শুক্রবারের ঘটনাটি নিয়ে সেদিন দিবাগত রাতে পরিচালক অরণ্য আনোয়ার পরীমণির একটি ছবি সংযুক্ত করে ফেসবুকে পোস্ট দেন।
এতে তিনি লেখেন, ‘‘দুপুর তিনটার দিকে পরীমণির শুটিং প্যাকআপ করে আমি টিমের সঙ্গে খেতে বসলাম। এ সময় কে একজন বলল, ‘পরী আপু আপনাকে ডাকছেন।’ সেটের মধ্যে একটা রুমে, পরী তখন রাজের সঙ্গে ঢাকায় ফিরে যাওয়ার আয়োজনে ব্যস্ত। আমাকে দেখে বলল, ‘ভাইয়া, আমার সন্তানের চরিত্রে অভিনয় করা শিশুটাকে একটা কোনো ভালো গিফট করা উচিত।’ ওর কথা শেষ হওয়ার আগেই আমি উত্তর দিলাম, ‘ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি ব্যবস্থা করছি।’ বলেই চলে আসলাম।”
“আমার মাথায় তখন খাওয়া দাওয়া শেষে ডে লাইটে একটা দৃশ্য শেষ করার চিন্তা। আর আমি পেশাদার মানুষ। আমার প্রোডাকশন আগেই শিশুটির সম্মানী বাবদ একটা নির্দিষ্ট অঙ্কের খাম ওর মায়ের হাতে তুলে দিয়েছে। সেটাকেই আমি যথেষ্ট বলে মনে করি।”
এ পরিচালক বলেন, “খাওয়া শেষে উঠানে সেই দৃশ্যের শুটিং আয়োজন করছি। এ সময় আবার ঘরের ভেতর থেকে পরীর ডাক আসল। আমি ব্যস্ত। তবুও ভাবলাম ওকে বিদায়টা দিয়ে আসি। ঘরে ঢুকতেই দেখলাম রাজ আর পরীর হাতে একটা সোনার রিং জাতীয় কোনো কিছুর একটা ছোট বাক্স। পাশে বসা সেই শিশুটির মা।”
“পরী বলল, ‘ভাইয়া আমার বিয়ের সময় রাজের উপহার দেয়া দুটো নাকফুলের একটা হচ্ছে এটা। আমি বাবুটাকে আপনার হাত দিয়ে এই নাকফুল উপহার দিতে চাই।’ আমি হতভম্ব। কী বলে এই মেয়ে? পরী আবার বলল, গত ক’টা দিন ওর সাথে মায়ের চরিত্রে অভিনয় করে ওর প্রতি আমার যে মায়া জমে গেছে। আমি আবেগে আপ্লুত হলাম। শ্রদ্ধায় নত হলাম পরীর কাছে।”
“বললাম, ‘তুমি সত্যিই একটা পাগল। ওকে! আসো তাহলে উপহার দেয়ার ছবিটা আমরা তুলি একসাথে।’ রাজ বলল, ‘নীরব ভালোবাসাটা নীরবই থাকুক ভাই। ছবি তোলার দরকার নাই।’ আমরা ছবি তুললাম না। কিন্তু পরীর এ আবেগের কথা আমি লিখব না, মানুষকে জানাব না, এতটা চাপা স্বভাবের মানুষ যে আমি নই। দুই মাস বয়সী শিশুটির বাবা একজন অটোরিকশার চালক। মা গৃহিণী। স্যালুট পরীমণি। তোমাকে স্যালুট-শ্রদ্ধা-ভালোবাসা।”
শুক্রবার মুক্তি পেয়েছে পরী-রাজ জুটির ‘গুণিন’। গিয়াস উদ্দিন সেলিমের এই ছবি করতে দিয়ে তাদের প্রেম ও পরিণয়। এর আগের সপ্তাহে মুক্তি পাওয়া ‘মুখোশ’-এ পরীর সহশিল্পী রোশান, ছবিটি চলতি সপ্তাহেও প্রদর্শিত হচ্ছে।