জমে উঠেছে সিরি’আর চলতি মৌসুম। শিরোপা জয়ের পথে লড়াই চলছে তালিকার শীর্ষ চার দলের। তবে সেই অভিযানে পাঁচ পয়েন্ট এগিয়ে গেল এসি মিলান।
পিয়েরে কালুলুর একমাত্র গোলে ঘরের মাঠ সান সিরোতে এম্পলিকে ১-০ ব্যবধানে হারিয়েছে স্তেফানো পিওলির দল। ১৯তম মিনিটে দুর্দান্ত বাঁকানো শটে জাল খুঁজে নেন ফরাসি ডিফেন্ডার।
এই জয়ে ২৯ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকল মিলান। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলান। তবে ২ ম্যাচ কম খেলেছে নেরাজ্জুরিরা। আজ তোরিনোকে হারাতে পারলে ব্যবধানটাও কমিয়ে আনতে পারবে গত আসরের চ্যাম্পিয়নরা। শিরোপার সুবাসটা বেশি পাচ্ছে মিলানের এই দুই জায়ান্ট।
অন্যদিকে এই অভিযান থেকে একেবারে ছিটকেও যায়নি নাপোলি ও জুভেন্টাস। তবে তাদের লক্ষ্য এখন যতটুকু না শিরোপা জয়, তারচেয়ে বেশি শীর্ষ চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করা।
সেই লক্ষ্যে দাপুটে জয় পেয়েছে জুভরা। আলভারো মোরাতার জোড়া গোলে সাম্পদোরিয়াকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে তুরিনের বুড়ি। এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। জুভদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে নাপোলি।