হলের অভ্যন্তরে কোনো ছাত্রী আত্মহত্যার চেষ্টা করলে তার সিট বাতিলের ঘোষণা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হল প্রশাসন।
শনিবার হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় স্বাক্ষরিত এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয়েছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে অবস্থানরত সব ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কোনো প্রকার ঘুমের ওষুধ, নেশা জাতীয় দ্রব্য কিংবা আত্মহননের প্রচেষ্টা করলে কোনো কৈফিয়ত ছাড়াই তার আবাসিকতা বাতিল করা হবে।
এরই মধ্যে বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। কাউন্সেলিং ছাড়া এ ধরনের সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শর্মিষ্ঠা রায় বলেন, ‘আমরা মেয়েদের সচেতন করার জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের বিশেষ কোনো কারণ নেই।’
এছাড়া কেউ ঘুমের ওষুধ রাখলে ডাক্তারের প্রেসক্রিপশন দেখাতে হবে বলেও জানান তিনি।