ইউআইইউতে স্প্রিং-২০২২ শিক্ষার্থীদের নবীনবরণ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) স্প্রিং-২০২২ এর আন্ডারগ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান সম্প্রতি ইউআইইউ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।

স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকস, স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সসের সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান।

শিক্ষার্থীদের বৈশ্বিক মহামারি পরবর্তী ক্লাসে মনোযোগী হওয়া এবং নিজেকে বিশ্বমানের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে ওঠার ক্ষেত্রে নানামুখী দক্ষতা অর্জনের দিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল কাশেম মিয়া, বিভিন্ন অনুষদের ডিন এবং বিভাগীয় প্রধানরা।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর এএসএম সালাহউদ্দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক নিয়মাবলি তুলে ধরেন।

নবীনবরণ অনুষ্ঠান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপাচার্য এবং আইএআর’র নির্বাহী পরিচালক প্রফেসর ড. এম. রিজওয়ান খান, বিভাগীয় প্রধান ও পরিচালকসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তারা ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্টুডেন্ট অ্যাফেয়ার্স পরিচালক জনাব মো. মঞ্জুরুল হক খান।