অস্ট্রিয়া, কিরগিজ ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মোমেনের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ‘আন্তালিয়া কূটনীতি ফোরামে’ তুরস্কে তার একদিনের সফরকালে অস্ট্রিয়া, কিরগিজ প্রজাতন্ত্র এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলুর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ড. মোমেন রোহিঙ্গা সংকটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তুরস্ক রোহিঙ্গাদের সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দেয়।

পররাষ্ট্রমন্ত্রী মোমেনের আমন্ত্রণে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি শিগগিরই পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়েও একমত হয়েছেন যে, চলতি বছরের মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের বাংলাদেশ সফরের জন্য দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একসঙ্গে কাজ করবে।

ড. মোমেন অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শ্যালেনবার্গের সঙ্গে দেখা করলে দুই মন্ত্রী দু’দেশের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী যৌথভাবে উদ্‌যাপনের বিষয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী কিরগিজ প্রজাতন্ত্রের পররাষ্ট্রমন্ত্রী রুসলান কাজাকবায়েভ আইতবায়েভিচের সঙ্গেও বৈঠক করেন।

ড. মোমেন দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন এবং তার কিরগিজ প্রতিপক্ষকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশ আগামী দিনে কিরগিজ প্রজাতন্ত্রের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছুক।

কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স-বিল্ডিং মেজারস ইন এশিয়ার (সিআইসিএ) নির্বাহী পরিচালক কাইরাত সারিবেও আন্তালিয়া কূটনীতি ফোরামে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে সিআইসিএ নির্বাহী পরিচালক আন্ত:সরকারি সংস্থার সাম্প্রতিক কর্মকাণ্ডের ব্যাখ্যা দেন। ড. মোমেন একটি সমৃদ্ধ এশিয়ার জন্য একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল এশিয়ার গুরুত্বের ওপর জোর দেন।