খাজা-ক্যারির ব্যাটে রানের পাহাড়ে অস্ট্রেলিয়া

করাচি টেস্টে রানের পাহাড় গড়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় দিন শেষে সফরকারীদের প্রথম ইনিংসে সংগ্রহ ৫০৫/৮।

আগের দিন সেঞ্চুরি তুলে নেওয়া উসমান খাজা ১৬০ রানে থামেন। অ্যালেক্স ক্যারি খেলেছেন ক্যারিয়ারসেরা ৯৩ রানের ইনিংস।

আগের দিন প্রতিপক্ষের ৩ উইকেট নিতে পেরেছিল পাকিস্তানি বোলাররা। এদিন নিতে পেরেছে ৫ উইকেট। তবে প্রথম দুই দিন আসলে ব্যাটারদের হয়েই থাকল।

আগের দিনের ৩ উইকেটে ২৫১ রান নিয়ে রবিবার নতুন দিনের ব্যাটিং শুরু করে অজিরা। জন্মভূমিতে সেঞ্চুরি তুলে নেওয়া খাজা ১২৭ রানে দিন শুরু করেছিলেন। এদিন আরো ৩৩ রান যোগ করেন তিনি।

শূন্য রানে দিন শুরু করা নাথান লায়ন ৬২ বলে খেলেন ৩৮ রানের ইনিংস। খাজার সঙ্গে চতুর্থ উইকেটে ৫৪ রান যোগ করেন তিনি।

অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৯৮ রানের জুটি উপহার দেন ক্যারি। স্টার্ক ২৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন।

দুটি করে উইকেট নিয়ে এখন পর্যন্ত পাকিস্তানের সবচেয়ে সফল ফাহিম আশরাফ ও সাজিদ খান।