নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার করাকে কেন্দ্র করে গ্রামের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশের এক এসআইসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরকিশোরগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের স্থানীয় ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত হওয়া চর কিশোরগঞ্জ এলাকার ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই রেজাউল হক বলেন, ‘মামুন বেপারি নামে এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের প্রস্তুতি নিলে আসামির স্বজনরা মসজিদের মাইকে ডাকাত এসেছে বলে ঘোষণা দেয়। পরে এলাকার সাবেক ইউপি সদস্য নাসিরউদ্দিন ও তার লোকজন পুলিশকে সহযোগিতা করতে এলে তাদের সঙ্গে মামুনের সমর্থক আওলাদ শেখ ও তার লোকজনের সংঘর্ষ বাধে।’
আওলাদ শেখ বলেন, ‘পূর্ববিরোধের জেরে নাসিরউদ্দিনের লোকজন আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। এতে আমি ও আমার স্ত্রীসহ ৬ জন আহত হই।’
সাবেক ইউপি সদস্য নাসিরউদ্দিন বলেন, ‘পুলিশ সহযোগিতা চাইলে আমার লোকজন আসামিকে গ্রেপ্তারে সহযোগিতা করতে গেলে অপ্রীতিকর ঘটনা ঘটে।’
সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান বলেন, ‘আসামির স্বজনরা বাদীপক্ষ ও পুলিশের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হয়। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’