১২তলা ভবন থেকে পড়ে ছাত্রীর মৃত্যু ঘিরে রহস্য

রবিবার ভর দুপর। ময়মনসিংহ নগরীর বাণিজ্যিক এলাকায় স্বদেশি বাজার মোড়ের ব্যস্ততম সড়কে হঠাৎই পাশের ১২তলা একটির ভবন থেকে পড়ল এক তরুণী। প্রত্যক্ষদর্শীরা ছুটে কাছে গিয়ে দেখলেন তার নিথর দেহ। থেঁতলে যাওয়া মরদেহটি সড়কের ওপরই ঢেকে রাখলেন তারা। কিছুক্ষণ পরেই পরিবারের সদস্য ও স্বজনরা এসে শনাক্ত করলেন তাকে। তাদের আর্তনাদে ভারী হয়ে উঠল ওই এলাকার পরিবেশ। 

স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, নিহত অর্ক প্রিয়া ধর সৃজা (১৫) নামের ওই তরুণী ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যাপক স্বপন ধরের মেয়ে। নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। ময়মনসিংহ শহরের আউটার স্টেডিয়াম এলাকায় তাদের বাড়ি। গতকাল বাড়ির কাউকে না জানিয়েই স্বদেশি বাজার এলাকায় আত্মীয়ের বাড়িতে গিয়েছিল সে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে হঠাৎ স্বদেশি বাজার এলাকার একটি রাইট পয়েন্ট নামের বহুতল ভবন থেকে সৃজাকে পড়তে দেখেন স্থানীয় লোকজন। মেয়েটি বহুতল ভবন থেকে পড়ে আত্মহত্যা করেছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে, তা কেউ বলতে পারছেন না। ফেইসবুকে সে লিখেছে, তিন বছর ধরে আত্মহত্যার চেষ্টা করছিল। সেই ক্লাস সিক্স থেকে। এতদিনে তার সাহস হয়েছে।

তবে নিহত স্কুলছাত্রীর মা অর্পণা দে বলছেন, তার মেয়ে আত্মহত্যা করতে পারে না। সকালে মেয়েকে বাসায় রেখে তিনি তার কর্মস্থলে চলে যান। কখন কীভাবে সে তার মাসীর বাসায় এসে এমন ঘটনা ঘটিয়েছে তা বলতে পারছেন না।

কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। তবে এটি হত্যা না আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে।