নির্মাণসামগ্রীর দাম বৃদ্ধির প্রতিবাদে চট্টগ্রামে অবস্থান ধর্মঘট করেছে এলজিইডি ঠিকাদার সমিতি। গতকাল রবিবার চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় এলজিইডি ভবনের সামনে এই অবস্থান ধর্মঘট কর্মসূচি পালিত হয়। পরে এক বিক্ষোভ সমাবেশ থেকে নির্মাণসামগ্রীর দাম কমাতে সরকারের প্রতি আহ্বান জানায় তারা। নির্মাণসামগ্রীর দামের সঙ্গে চলমান উন্নয়ন প্রকল্পের ব্যয়ের সমন্বয় করা না হলে চট্টগ্রামে সব ধরনের কাজ বন্ধ রাখার হুঁশিয়ারি দেন এলজিইডি ঠিকাদার সমিতির নেতারা।
সমাবেশে চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতি সাইফুল ইসলাম বলেন, মহামারীর ধকল কাটিয়ে ওঠার এসময়ে নির্মাণ উপকরণের উচ্চমূল্য চোখ রাঙাছে নির্মাণকাজে। এরমধ্যে সবচেয়ে বেশি বেড়েছে রডের দাম।
চট্টগ্রাম এলজিইডি ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটু বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে ইট, বালি, সিমেন্ট ও রডের দাম বেড়েছে। একই সময় প্রায় ৩৫ শতাংশ বেড়েছে ইলেকট্রিক, হার্ডওয়্যার, সেনেটারিসহ বিভিন্ন পণ্যের দাম।