দুর্নীতি দমন কমিশনে (দুদক) চাকরি ফিরে পেতে হাইকোর্টের দারস্থ হলেন সংস্থাটির বরখাস্ত কর্মকর্তা মো. শরীফ উদ্দিন। গতকাল রবিবার আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে রিট আবেদন করেন তিনি।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট একটি বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে। কার্যতালিকায় এলে শুনানি হবে বলে জানান শরীফের আইনজীবী মিয়া মোহাম্মদ ইশতিয়াক।
তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দুদক সার্ভিস রুলস ২০০৮ এ ৫৪ (২) এবং এই ধারাবলে গত ১৬ ফেব্রুয়ারি তার (শরীফ উদ্দিন) অপসারণের যে আদেশ, সেটিকে আমরা চ্যালেঞ্জ করেছি। তাকে যেভাবে চাকরি থেকে অপসারণ করা হয়েছে তা অসাংবিধানিক এবং সংবিধানের ২৭, ৩১ ও ৩৫ অনুচ্ছেদের পরিপন্থী হওয়ায় এটি বাতিল চেয়েছি।’
ইশতিয়াক বলেন, ‘শরীফকে স্বপদে পুনর্বহালের নির্দেশনা এবং যে সময়টুকু তিনি চাকরিচ্যুত ছিলেন, সেটি চাকরিকালীন হিসেবে বিবেচনার আরজি জানিয়েছি রিট আবেদনে।’
দুদকের উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন শরীফ উদ্দিন। চাকরিবিধি না মানার কারণে ১৬ ফেব্রুয়ারি তাকে চাকরিচ্যুত করে দুদক। এ নিয়ে গণমাধ্যমে দুদক ও শরীফের পক্ষে পাল্টাপাল্টি অভিযোগ আসে।
শরীফ উদ্দিনকে চাকরিচ্যুতির ঘটনার পাল্টাপাল্টি অভিযোগের অনুসন্ধান করতে স্বাধীন কমিশন গঠনের নির্দেশনা চেয়ে গত ২৩ ফেব্রুয়ারি উচ্চ আদালতের ১০ আইনজীবী হাইকোর্টে একটি রিট আবেদন করেন। ১০ মার্চ আবেদনের ওপর শুনানি হয়। এ বিষয়ে আগামীকাল মঙ্গলবার আদেশের দিন রেখেছে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।