কর্মশালায় আইনমন্ত্রী

মানব পাচার রোধে সমন্বিত প্রচেষ্টা দরকার

মানব পাচার এবং অভিবাসী চোরাচালানকে জঘন্য অপরাধ উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কেবল একক প্রতিষ্ঠান বা সংস্থা দ্বারা এ অপরাধ প্রতিরোধ করা যাবে না। এজন্য সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে মানব পাচার সম্পর্কিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

জাতীয় ও আন্তর্জাতিক আইনি কাঠামো এবং তা অনুশীলনে উদ্ভূত সমস্যা বিষয়ে এ কর্মশালা হয়। এতে আইনমন্ত্রী প্রধান অতিথি ছিলেন।

তিন দিনব্যাপী এ কর্মশালায় মানব পাচার ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ২২ জন বিচারক অংশ নেন। জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক সংস্থা (ইউএনওডিসি) এবং বাংলাদেশ সরকারের আইন ও বিচার বিভাগ যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।