বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশ পাওয়ার ৮ মাসের মধ্যে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) সঠিকভাবে অনুসন্ধান করতে বলেছে আদালত।
এ বিষয়ে দেওয়া রুল যথাযথ ঘোষণা করে গতকাল রবিবার এ রায় দেয় বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ।
২০১২ সালে বিমানের ১৭ সিবিএ নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের উদ্দেশ্যে নোটিস দিলে তারা হাজির হতে অস্বীকার করেন। পরে দুদকের পক্ষে আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখ করে গণমাধ্যমে প্রতিবেদন আসে।
দুদকের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে এইচআরপিবির এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৪ সালের ৩ ফেব্রুয়ারি রুল দেয় হাইকোর্ট। সম্পূরক আবেদনে গত বছর ২১ সেপ্টেম্বর এ বিষয়ে আবারও রুল দেয় আদালত।