রাজধানীর পল্লবী থানার ওসি পারভেজ ইসলামের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে ফাঁসানোর অভিযোগ করেছে একটি পরিবার। পরিবারটির ভাষ্য, পুলিশের সোর্সকে চাঁদা না দেওয়ায় মাদকের মামলায় তিন ভাইবোনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রবিবার ডিআরইউতে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ওই তিনজনের বোন পৃথিবী আক্তার।
এ প্রসঙ্গে পল্লবী থানার ওসি পারভেজ ইসলাম সাংবাদিকদের বলেন, তারা পল্লবীর মিল্লাত ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী। মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সংবাদ সম্মেলনে পৃথিবী আক্তার বলেন, গ্রেপ্তারের সময় পুলিশ তাদের মিল্লাত বিহারি ক্যাম্পের বাসায় হামলা চালায়। হামলায় বাধা দেওয়ায় তাদের মাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পুলিশ। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ ফেব্রুয়ারি ভোরে মারা যান তাদের মা।
পৃথিবী আক্তার বলেন, ‘পুলিশ ময়নাতদন্ত ছাড়াই আমার মাকে কবর দিতে বাধ্য করে। পরে আমরা এ ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করতে চেয়েছিলাম। এই মামলার কথা শুনে পুলিশ উল্টো আমাদের ফাঁসাতে মাদকের মামলা করে।’