তৃণমূল কাউন্সিলরকে হত্যার রোমহর্ষক দৃশ্য

ভারতের উত্তর ২৪ পরগনার পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত দুষ্কৃতকারীদের হাতে খুন হয়েছেন।

রবিবার সন্ধ্যায় দুর্বৃত্তরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পানিহাটির ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের মাথা লক্ষ্য করে গুলি চালায়। পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কাউন্সিলরকে গুলি করার সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভিতে। ফুটেজে দেখা যায়, নিজের এলাকার একটি পার্কের কাজের দেখভাল করতে গিয়েছিলেন কাউন্সিলর অনুপম। সন্ধ্যায় ৪ জন দুর্বৃত্ত হঠাৎ মোটরবাইকে করে তার সামনে এসে থামে। এরপর খুব কাছ থেকে তার মাথা লক্ষ্য করে গুলি চালায়। এরপর বাইক নিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত শম্ভুনাথ পণ্ডিত নদিয়ার হরিণঘাটার বাসিন্দা।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত শম্ভুনাথ কাউন্সিলরকে খুনের পর তেঁতুলতলা এলাকার হোগলাবনে লুকিয়ে ছিলেন। স্থানীয় এক বাসিন্দা ঝোপের মধ্যে কাউকে নড়াচড়া করতে দেখেন। তার সন্দেহ হওয়ায় পাশের ক্লাবের ছেলেদের এবং পাড়ার লোকেদের ডেকে বিষয়টি জানান।

তারপরই ওই হোগলা বন ঘিরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া পুলিশে। স্থানীয়রাই তার পর হোগলা বনে আগুন লাগিয়ে দেন। তখন সেই ঝোপ থেকে বেরিয়ে পালাতে গেলে আগ্নেয়াস্ত্র-সহ শম্ভুনাথকে ধরে ফেলেন তারা। তারপর তাকে খাড়দহ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, শম্ভুনাথ সুপারি কিলার। সিসিটিভি ফুটেজে অভিযুক্তকে যে পোশাকে দেখা গিয়েছিল, পরে তিনি তা বদলে ফেলেন। যদিও পোশাক বদলেও শেষ রক্ষা হয়নি। শম্ভুনাথের সঙ্গে আর কারা ছিলেন জেরা করে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।