পিরোজপুরের নাজিরপুরে টেম্পো চাপায় ইমন বাড়ৈ (১৫) নামে আহত এক স্কুলছাত্র মারা গেছেন।
সোমবার সকালে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইমন উপজেলার মালিখালী ইউনিয়নের সাচীয় গ্রামের মনিন্দ্র নাথ বাড়ৈর ছেলে। তিনি লড়া মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমনসহ তার তিন বন্ধু রবিবার বিকেলে মোটরসাইকেলে করে বাঁশবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি টেম্পো মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিন বন্ধু আহত হন।
তাদের উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেলা হাসপাতাল নেওয়া হয়। পরে সেখান থেকে গুরুতর আহত ইমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, নিহত ইমনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সকালে নাজিরপুরের গ্রামের বাড়িতে আনা হয়েছে।