পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি বলেন, ‘স্থানীয় ভূমি অফিসে কিছু দুষ্টু অফিসারের কারণে অন্যায়ভাবে ভোগান্তি পোহান স্থানীয় জনসাধারণ।’
সোমবার বেলা ১২টায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনা মন্ত্রী বলেন, আমরা জানি সেটেলমেন্টে মাঠ জরিপকাজে কিছু অসৎ কর্মকর্তারা একজনের ভূমি আরেকজনের নামে লিখে দেন। এ রকম ভূমিতেও হচ্ছে। তারাও দিনকে রাত, রাতকে দিন করছেন। এসব আর চলবে না। সততা আর নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সরকার আপনাদের বেতন বাড়িয়েছে। যাতায়াতে উন্নতমানের গাড়ি পেয়েছেন। সুতরাং জনগণের সেবায় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের আয়োজনে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকার অর্থায়নে স্বরূপ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের হল রুমে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের আইসিটি ও মাল্টিমিডিয়া পাঠদান বিষয়ক ৬ দিনব্যাপী প্রশিক্ষণের আজ উদ্বোধনী অনুষ্ঠান ছিল।