ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ওরসে গান শুনতে গিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে সজিব মিয়া (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে সৈয়দগাঁও গ্রামের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সজিব দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।
জানা গেছে, সৈয়দগাঁও গ্রামে শাহ বুড়াপীর (রা.) মাজারে ওরস শুরু হয়েছে। রবিবার রাতে সেই ওরসে একটি গানের কাফেলায় গান শুনতে যায় সজিব। এ অবস্থায় হঠাৎ কাফেলায় গান শোনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও কথা-কাটাকাটি হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে সজিব বাড়ি ফেরার পথে একটি পক্ষ তাকে ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা সজিবকে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, কিশোর নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।