ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নুসরাত শাহরিন রাকাকে জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি এস মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রাকার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, অ্যাডভোকেট জেডআই খান পান্না ও অ্যাডভোকেট জামিউল হক ফয়সাল।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এসএম মুনীর।
জামিউল হক ফয়সাল বলেন, হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে রাকার স্থায়ী জামিন দিয়েছেন।
গত ৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে রাষ্ট্রবিরোধী তৎপরতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মাদক আইনে আরেকটি মামলা করে র্যাব।
গত ৬ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাকার তিনদিন এবং মাদক মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ১২ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।
এ দু মামলায় ২ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ তার জামিন নামঞ্জুর করেন। গত ৮ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা ও মাদক আইনের দুই মামলায় নুসরাত শাহরিন রাকা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
রাকা প্রবাসী সাংবাদিক ড. কনক সারোয়ারের বোন।