তিস্তার পানি বণ্টন, সীমান্ত হত্যাসহ ভারত এবং বাংলাদেশের দ্বিপক্ষীয় যে সমস্যা রয়েছে তার দ্রুত সমাধানে ভারতকে উদ্যোগ নেওয়ার আহ্বান করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতারা।
সোমবার বাংলাদেশ সফররত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আন্তর্জাতিক বিষয়ক বিভাগের প্রধান বিজয় মুরলিধর চৌথাইওয়ালের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তারা। রাজধানীর একটি হোটেলে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলীয় জোটের মুখপাত্র আমির হোসেন আমুর নেতৃত্বে তার সঙ্গে বৈঠকে অংশ নেন নেতারা।
জোটের নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, জাতীয়র পার্টির (জেপি) মহাসচিব শেখ শহীদুল ইসলাম ও আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাশ।
বাংলাদেশের রাজনৈতিক দল ও দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে এদেশে এসেছেন বলে বৈঠকে ১৪ দলীয় জোটের নেতাদের জানিয়েছেন বিজেপি নেতা বিজয়।
বৈঠক শেষে আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, মূলত সম্পর্কের উন্নয়নের জন্য যা যা জানা ও বোঝার দরকার, সেগুলোর বোঝাপড়া করার জন্যই তাদের এই আগমন।
তিস্তার অভিন্ন পানি বণ্টন সমস্যার সমাধান এবং সীমান্ত হত্যা বন্ধের বিষয়ে উদ্বেগের কথা বিজেপি নেতা জানিয়েছেন বলে জানান আমু।
তিনি বলেন, অনেক সময় শুনি যে আসামে যারা মাইগ্রেট করেছে, তাদের ফেরত দেওয়া হবে, এগুলো যাতে না হয়। এটা নিয়ে আমাদের স্পর্শকাতরতা রয়েছে। এটা আমার তুলে ধরেছি। উনি বলেছেন, আমাদের বক্তব্য যথাযথ জায়গায় পৌঁছে দেবেন এবং এই ব্যাপারে তার ভূমিকা রাখবেন।
বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, আমরা দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনা করেছি। আমাদের সীমান্ত হত্যা, তিস্তার পানি বণ্টন, নেপাল ও ভুটানের সঙ্গে সড়ক যোগাযোগে ভারতের ট্রানজিট সমস্যার সমাধান করার জন্য বলেছি।
এর আগে দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বিজয় মুরলিধর চৌথাইওয়ালের সঙ্গে বৈঠক করেন। দলটির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফরউল্লাহ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বৈঠকে আওয়ামী লীগ ও বিজেপির মধ্যে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। এছাড়া দুই দেশের দ্বিপক্ষীয় সুসম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।