ইউক্রেন-রাশিয়ার চতুর্থ দফা আলোচনা মঙ্গলবার পর্যন্ত স্থগিত করা হয়েছে। ইউক্রেন প্রতিনিধিদলের মাইখাইলো পোডোলিয়াক এ তথ্য জানান।
সোমবার বৈঠক শেষে এক টুইট বার্তায় পোডোলিয়াক বলেন, ওয়ার্কিং সাবগ্রুপে আরো কাজ করার জন্য এবং কিছু বিষয় স্পষ্ট করার জন্য এ বিরতি নেয়া হয়েছে। তবে আলোচনা চলমান থাকবে।
এর আগে সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২ পক্ষের চতুর্থ দফার ভার্চুয়াল আলোচনাকে 'জটিল আলোচনা' হিসেবে উল্লেখ করেন।
রাষ্ট্রপতির উপদেষ্টা এবং আলোচক মিখাইলো পোডোলিয়াক ওই টুইটে আরো বলেন, আলোচনা শান্তি, যুদ্ধবিরতি, অবিলম্বে সেনা প্রত্যাহার [এবং] নিরাপত্তা নিশ্চিত করা বিষয়ে বৈঠক হবে।
গত ২৮ ফেব্রুয়ারি বেলারুশের গোমেল অঞ্চলে ইউক্রেন-রাশিয়ার প্রথম দফা আলোচনা অনুষ্ঠিত হয়। সে সময় আলোচনা চলে ৫ ঘণ্টা। ৩ মার্চ বেলারুশের বেলোভেজস্কায়া পুশচায় দ্বিতীয় দফা আলোচনা হয়। সে সময় বেসামরিক নাগরিকদের সরিয়ে নিতে মানবিক করিডোরের বিষয়ে একটি চুক্তি হয়।
৭ মার্চ উভয় দেশের প্রতিনিধিরা বেলারুশের ব্রেস্ট অঞ্চলে তৃতীয় দফা আলোচনায় বসেন। পরে ১০ মার্চ তুরস্কের আন্তালিয়ায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার মধ্যে আলোচনা হয়।