শিরোপা ধরে রাখতে মরিয়া বাংলাদেশ

বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডির দ্বিতীয় আসর ঢাকায় শুরু হবে ১৯ মার্চ। এবার কলেবর বেড়েছে আসরের। পাঁচ থেকে বেড়ে দল হয়েছে আটটি। গতবার খেলে যাওয়া কেনিয়া, শ্রীলঙ্কা, নেপাল এবারও খেলছে আমন্ত্রণমূলক এই আসরে। তবে পোল্যান্ড এবার নেই। নতুন চার দল ইংল্যান্ড, ইরাক, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। সাতদিনব্যাপী আসরে অংশ নিতে দলগুলো আগামীকাল থেকে ঢাকায় পা রাখতে শুরু করবে।

পুলিশের বেশ ক’জন বড় কর্তা সক্রিয় হতেই আয়োজন বেড়েছে জাতীয় খেলাটির। আন্তর্জাতিক পল্টনে সংস্কারের পর কাবাডি স্টেডিয়ামের চেহারাই বদলে গেছে। সেখানে গতবার কেনিয়াকে ৩৪-২৮ পয়েন্টে হারিয়ে শিরোপার উল্লাসে মেতেছিল বাংলাদেশ। অপরাজিত চ্যাম্পিয়নরা এবারও চায় আসন্ন এশিয়ান গেমসের আগে শিরোপা জিতে বাড়তি আত্মবিশ্বাস পেতে। কাবাডির বিশ্ব র‌্যাংকিংয়ে পঞ্চম স্থানে থাকা বাংলাদেশই এই আসরের ফেভারিট। কারণ বাকি সবক’টি দল র‌্যাংকিংয়ে তাদের চেয়ে পিছিয়ে। টানা শিরোপা জয়ের লক্ষ্যে গত অক্টোবর থেকে দু’জন বিদেশি কোচ প্রস্তুত করছে বাংলাদেশের খেলোয়াড়দের। সাজু রাম গায়েত ও রমেশ বিন্দিগিরি নিরলস কাজ করে যাচ্ছেন তুহিন তরফদারদের নিয়ে। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা অনুশীলন করছি। এ মুহূর্তে খুব ভালো অবস্থানে আছি আমরা। টিম কম্বিনেশন অনেক ভালো হয়েছে। এবারও ভালো ফলের লক্ষ্যেই খেলতে নামব। এবারও সবক’টি দল ভালো। তবে কেনিয়া ও শ্রীলঙ্কা কঠিন প্রতিপক্ষ। ওদের সঙ্গে খেলা সহজ হবে না। গত আসরে কেনিয়া কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল।’

এই আসরে অবশ্য বাংলাদেশ মিস করবে দলের অন্যতম সদস্য মাসুদ করিমকে। চোটের কারণে রেইডারকে থাকতে হচ্ছে দর্শক হয়ে। প্রিয় সতীর্থর কথা শোনা গেছে তুহিনের কাছ থেকে, ‘আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় মাসুদ করিম ইনজুরড। ও থাকলে ভালো হতো। তবে ওর বিকল্পও আছে। আশা করি, ওর শূন্যতা আমরা পূরণ করতে পারব। আমাদের সামনে এশিয়ান গেমস আছে। এর আগে বেশ কয়েকটি বিদেশি দলের সঙ্গে খেলে নিজেদের প্রস্তুত করতে পারব।’