কমিটি ছাড়াই শেষ রাবি ছাত্রলীগের হল সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ১টায় বিশ^বিদ্যালয়ের ‘সাবাস বাংলাদেশ’ ভাস্কর্যের মাঠে এই সম্মেলন হয়। তবে কোনো হলের কমিটি ঘোষণা ছাড়াই বিকেল সাড়ে ৪টায় অনুষ্ঠান শেষ হয়। পরে আলোচনা করে কমিটি ঘোষণা করা হবে বলে ঘোষণা দেন শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। সভাপতিত্ব করেন সদ্য বিলুপ্ত শাহ মখদুম হলের সভাপতি আরিফ বিন জহির।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু।

এদিন দুপুর ১টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। তখন অতিথিবৃন্দ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ নিজ নিজ হলের নাম খচিত পতাকা উত্তোলন করেন ১৭টি হলে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। এরপর বেলুন ও কবুতর অবমুক্তকরণের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া। পরে ছাত্রলীগের দলীয় সংগীত পরিবেশন করা হয়।