পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি কনফারেন্স কক্ষে সোমবার চাষিদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘স্ট্র্যাটেজিক ফার্ম বিজনেস ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ফর ফিশ ফার্মাস’ শীর্ষক এক কর্মশালা ।
এ আয়োজনে দুমকি পটুয়াখালী এলাকার মৎস্য চাষিদের প্রশিক্ষণ দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. জাকির হোসেন ও ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মো. সাজেদুল হক। আরও ছিলেন অ্যাকুয়াকালচার বিভাগের অধ্যাপক লোকমান আলী ও পটুয়াখালী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. মাহফুজুর রহমান।
প্রশিক্ষকদের মধ্যে অধ্যাপক ড. সাজেদুল বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ বিষয়ে এক ঘণ্টার প্রশিক্ষণ প্রদান করেছেন। এ পর্বে সমন্বিত মাছ চাষের উপকারিতা, চাষ পদ্ধতি, ধানের সঙ্গে মাছ চাষ ও সবজির সঙ্গে মাছ চাষ, বিজ্ঞান সমন্বিত মাছ চাষ, অ্যাকোরিয়াম পোল্ট্রির ও গবাদিপশুর সঙ্গে মাছ চাষ ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
অধ্যাপক জাকির হোসেন এক ফার্ম ব্যবসায় ব্যবস্থাপনা ও রেকর্ড কিপিং বিষয়ে প্রশিক্ষণে প্রজনন খামার, মাছ চাষ ব্যবস্থাপনায় জড়িত বিভিন্ন প্রক্রিয়া ফার্মের ব্যবস্থাপনা আর্থিক হিসাব যথাযথভাবে সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি দেখান, যথাযথ হিসাব সংরক্ষণের ফলে সফলভাবে ব্যবসা পরিচালনা করে বেশি লাভবান হওয়া সম্ভব।
উপজেলা মৎস্য কর্মকর্তা অফিসার মো. মাহফুজুর রহমান খাঁচায় মাছ চাষে সুবিধা সমস্যা, খাঁচা প্রস্তুতি নেটিং উপাদান নেট সেট করা এবং মার্কেটিং প্যাটার্ন সম্পর্কে প্রশিক্ষণ দেন।
প্রশিক্ষণ শেষে ৩৬ জন মৎস্য চাষি তাদের মতামত জানান। ৭৪ বছর বয়সী একজন প্রশিক্ষণার্থী বলেন, এটি তাদের জন্য একটি বিরাট পাওনা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. আক্তারুজ্জমান খান। অনলাইনে যুক্ত ছিলেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রিন্সিপাল যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ইনভেস্টিগেটর প্রফেসর ড. মদন মোহন দে। প্রধান অতিথি ছিলেন পবিপ্রবির কৃষি অনুষদের ডিন ও দায়িত্বপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন ইকোনমিকস অ্যান্ড সোসিওলজি বিভাগের অধ্যাপক বদিউজ্জামান। আরও ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো, জাকির হোসেন ও জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা ইমদাদুল্লাহ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. তকিবুর রহমান। সঞ্চালনার দায়িত্ব পালন করেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।
কলাবরেটিভ প্রশিক্ষণটির প্রধান অংশীদার হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেট ইউনিভার্সিটি, ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। প্রকল্পের অর্থায়ন করেছে ইউএসএআইডি’র অঙ্গ সংগঠন ফিড দ্য ফিউচার ইনোভেশন ল্যাব ফর ফিশ।