রুশ নিষেধাজ্ঞায় ভুক্তভোগী হতে চায় না চীন

ইউক্রেনে অভিযানের জেরে রাশিয়ার ওপর পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞায় ভুক্তভোগী হতে চায় না চীন। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে টেলিফোন আলাপে এই মনোভাব প্রকাশ করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

গতকাল মঙ্গলবার ওই ফোনালাপ প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। এতে বলা হয়েছে, ওয়াং ই বলেছেন ‘চীন সংকটের কোনো পক্ষ নয়, এখনো নিষেধাজ্ঞায় কম আক্রান্ত হতে চায়।’ চীন নীতিগতভাবে নিষেধাজ্ঞার বিরোধী জানিয়ে ওয়াং ই বলেন, নিজেদের বৈধ অধিকার ও স্বার্থের রক্ষাকবচ নিশ্চিতের অধিকার পেইচিংয়ের রয়েছে।

এদিকে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলবারেস টুইট বার্তায় লিখেছেন, ‘আমি আমার চীনা কাউন্টারপার্ট ওয়াং ই’র সঙ্গে ইউক্রেন যুদ্ধের পরিণতি নিয়ে এবং এর অবসানের উপায় নিয়ে আলোচনা করেছি।’ ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ার ওপর একাধিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র এবং তাদের পশ্চিমা মিত্ররা। ক্রমাগতভাবে বিচ্ছিন্ন হতে থাকা রাশিয়ার ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিতে চীনের ওপরও চাপ বাড়ছে। এমন সময়ে ওই ফোনালাপটি প্রকাশ করা হয়েছে।

তবে ওই ফোনালাপে সম্প্রতি প্রকাশিত খবরের কোনো উল্লেখ করা হয়নি।