ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্রথম দিনেই অঘটনের শিকার হয়েছে আবাহনী লিমিটেড। নবাগত রূপগঞ্জ টাইগার্সের বিপক্ষে হেরে গেছে শিরোপা প্রত্যাশী দলটি।
অন্যদিকে সিটি ক্লাবকে হারিয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং গাজী গ্রুপ ক্রিকেটার্সকে হারিয়ে শুভ সূচনা করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।
আবাহনী-রূপগঞ্জ টাইগার্স
মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা আবাহনী নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৫ রানের পুঁজি গড়ে। সেঞ্চুরি তুলে নেন ওপেনার মোহাম্মদ নাঈম। ১৩২ বলে খেলেন ১১৫ রানের ইনিংস। ১০টি চারের সঙ্গে হাঁকান ২ ছক্কা।
জবাব দিতে নেমে রূপগঞ্জ টাইগার্সের দুই ওপেনার মিজানুর রহমান ও জাকির হাসান উদ্বোধনী জুটিতেই যোগ করেন ১৬৬ রান। মিজানুর ৮২ বলে ৯৩ রান করে ফিরলেও লিস্ট ‘এ’ ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন জাকির। ১১৬ বলে ১১৭ রান করেন তিনি ১৫ চার ও ২ ছক্কায়। ৮ ওভার হাতে রেখেই ৭ উইকেটে জয় নিশ্চিত করে রূপগঞ্জ টাইগার্স। ম্যাচসেরা হন জাকির।
প্রাইম ব্যাংক-সিটি ক্লাব
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫০ রানে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব।
টস হেরে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ৮ উইকেটে ২৬৫ রানের পুঁজি গড়ে। জবাব দিতে নেমে সিটি ক্লাব ৪৫.২ ওভারে ২১৫ রানে গুটিয়ে যায়। ব্যাট হাতে ১৬ বলে ২৭ রান করার পর বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন প্রাইম ব্যাংকের অলরাউন্ডার মেহেদি হাসান।
লিজেন্ডস অব রূপগঞ্জ-গাজী গ্রুপ ক্রিকেটার্স
বিকেএসপির চার নম্বর গ্রাউন্ডে ১৪৭ রানের বড় জয় তুলে নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৯১ রানের পুঁজি গড়ে রূপগঞ্জ। অধিনায়ক মোহাম্মদ নাঈম সর্বোচ্চ ৯২ রান করেন। জবাবে ৩০.৪ ওভারে ১৪৪ রানেই গুটিয়ে যায় গাজীর ইনিংস। রূপগঞ্জের নাঈম বোলিংয়েও এক উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন।