বাবর আজমের অসাধারণ এক সেঞ্চুরি পাকিস্তানের করাচি টেস্ট বাঁচানোর আশা জিইয়ে রেখেছে। যদিও মঙ্গলবার চতুর্থ দিন শেষে অস্ট্রেলিয়াই আছে সুবিধাজনক অবস্থানে।
জিততে হলে পাকিস্তানকে গড়তে হবে রেকর্ড। করতে হবে ৫০৬ রান। যে লক্ষ্যে খেলতে নেমে ২১ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকেরা। তবে আব্দুল্লাহ শফিককে সঙ্গে নিয়ে বাবর আজম লড়াইয়ে রেখেছেন দলকে।
তৃতীয় উইকেটে ১৭১ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেছেন বাবর ও শফিক। দিনে শেষে পাকিস্তানের স্কোর ১৯২/২। বাবর ১০২ ও শফিক ৭১ রানে অপরাজিত।
জিততে হলে শেষ দিনে আরো ৩১৪ রান করতে হবে পাকিস্তানকে। অস্ট্রেলিয়ার চাই ৮ উইকেট।
এর আগে অস্ট্রেলিয়া আগের দিনের ১ উইকেটে ৮১ রান নিয়ে দিন শুরু করে। আর ২৫ মিনিট ব্যাট করে ২ উইকেটে ৯৭ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দেয় তারা। তাতেই রেকর্ড লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের সামনে।
মার্নাস লাবুশেন ৪৯ বলে ৪৪ রান করেন। প্রথম ইনিংসে ১৬০ রানের ইনিংস খেলা ওসমান খাজা ৭০ বলে ৪৪ রানে অপরাজিত ছিলেন।
প্রথম ইনিংসে ৯ উইকেটে ৫৫৬ রান করে ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। বিপরীতে পাকিস্তানের প্রথম ইনিংস থামে ১৪৮ রানে।
রাওয়ালপিন্ডিতে দুই দলের প্রথম টেস্ট ড্র হয়েছিল।